মামলার পর ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ তুলে আনসার কমান্ডারের সংবাদ সম্মেলন

 


 

 হ‌বিগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মির্জা সিফাত-ই-খোদার সংবাদ স‌ম্মেলন। ছবির সর্বশেষ ডানে অ‌ভিযুক্ত আনসার কর্মকর্তা খা‌লেদ আহ‌মেদ বসা ছিলেন

হবিগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন সংস্থাটির এক নারী সদস্য (২৭)। এর প্রতিবাদ করায় তাঁকে চাকরিচ্যুত করা হয় দাবি করে তিনি আদালতে মামলা করেন। মামলা ও ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মির্জা সিফাত-ই-খোদা। সংবাদ সম্মেলনে ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ তুলে ওই নারী ও তাঁর ইন্ধনদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে মির্জা সিফাত-ই-আজম বলেন, যৌন নিপীড়নের প্রতিবাদ করায় চাকরিচ্যুত শিরোনামে প্রথম আলোতে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর কার্যালয়ে যৌন নিপীড়নের কোনো ঘটনা ঘটেনি। বহিষ্কৃত ওয়ার্ড দলনেত্রী মিথ্যার আশ্রয় নিয়ে আদালতে মামলা করেছেন। পাশাপাশি তিনি প্রথম আলোতে সংবাদ করিয়েছেন। এতে আনসার-ভিডিপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এর আগে গত মঙ্গলবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হবিগঞ্জ সদর উপজেলা কর্মকর্তা খালেদ আহমেদকে আসামি করে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে একটি মামলা করেন ওই নারী। মামলাটি আদালত আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। মামলায় খালেদ আহমেদ ছাড়াও আনসার দলনেতা ইলিয়াস আলী ও আনসার-ভিডিপির সদর উপজেলার নারী প্রশিক্ষক আকলিমা আখতারকে আসামি করা হয়।